
কক্সবাজারের উখিয়ায় একটি প্রাইভেট কারের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮৯ হাজার ৪০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মো. এরফান (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে। তার তিন সহযোগী পালিয়ে গেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে কক্সবাজার-রামু সড়কের মিনি বান্দরবান এলাকার রেজুখাল চেকপোস্টে অভিযান চালায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, সন্দেহভাজন একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানোর সময় গাড়ির নিচের অংশে অভিনব কায়দায় লুকানো ইয়াবার সন্ধান পাওয়া যায়। পরে সেখান থেকে ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গাড়িচালক এরফানকে আটক করা হয়।
আটক এরফান কক্সবাজার শহরের দক্ষিণ মহুরিপাড়া লিংক রোড এলাকার মৃত আব্দুস ছামাদের ছেলে। অভিযানে ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, ঘটনায় জড়িত সন্দেহে টেকনাফের সাবরাং ইউনিয়নের সিকদার এলাকার মো. কাদের (৪৫), মো. কামাল (৪০) এবং রামুর পূর্ব গোয়ালিয়াপালং এলাকার মো. মুনসুর (৫৫) পালিয়ে যায়।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, আটক ব্যক্তি ও পলাতক সহযোগীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।